
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও এর উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ১৭০ জনের শরীরে হামের লক্ষণ শনাক্ত করা হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ১১৫ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীদের মধ্যে ৪৯ জন মারা গেছেন।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০০ জনে। তাদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৬৫০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।