
ছবি: সংগৃহীত
সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বন্যা প্রতিরোধে টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সুরমা নদীর উভয় তীরে নান্দনিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগও বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।