
ছবি : প্রতিকী
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চা শ্রমিক রঞ্জন বাউরী ও নৌকার মালিকপক্ষের লোক আনকার মিয়া গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার এলাকায় পৌঁছালে হঠাৎ ধানবোঝাই নৌকাটি ডুবে যায়।
এ সময় আনকার মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রঞ্জন বাউরী পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রঞ্জন বাউরী (৪০) চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর ছেলে।
স্থানীয় আব্দুর রউফ জানান, রঞ্জন গত ১৫ থেকে ২০ দিন ধরে এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।