নির্বাচনে বড় জয়: আবারও টাওয়ার হেমল্যাটসের মেয়র লুৎফুর রহমান


যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হেমল্যাটসের নির্বাহী মেয়র পদে আবারও জয় পেয়েছেন লুৎফুর রহমান। বিপুল জনসমর্থন নিয়ে তিনি চতুর্থবারের মতো মেয়রের দায়িত্বে নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়কে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা গেছে, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। বিশাল ভোট ব্যবধানে জয় পাওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অন্য প্রার্থীদের মধ্যে হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট, জন বোলার্ড ৭ হাজার ১৫৩ ভোট এবং ডমিনিক নোলান পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট। এছাড়া জামি আলী পেয়েছেন ৩ হাজার ১৫৬ ভোট, মোহাম্মদ আব্দুল হান্নান ২ হাজার ৪২১ ভোট, হুগো পিয়েরে ৬৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু স্থানীয় প্রশাসনের নেতৃত্ব নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বহুজাতিক ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবেরও প্রতিফলন। ২০১০ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে লুৎফুর রহমান আবারও শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে ২০২২ সালে প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের এই জয়কে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় গণসমর্থন হিসেবে দেখা হচ্ছে।
ফলাফল ঘোষণার পর টাওয়ার হেমল্যাটস এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আনন্দমিছিল ও বিজয় উদযাপনে অংশ নেন বিপুলসংখ্যক সমর্থক।
এদিকে কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। দিনের শেষভাগে ফলাফল ঘোষণা হতে পারে। মেয়র নির্বাচনের ফলাফলের প্রভাব কাউন্সিলের ক্ষমতার ভারসাম্যেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: