কমছে নদীর পানি, উন্নতির পথে ৬ জেলার বন্যা পরিস্থিতি

ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজান ও হাওর এলাকায় বৃষ্টিপাত কমে আসায় বিভিন্ন নদ-নদীর পানি নামতে শুরু করেছে। এতে সিলেট বিভাগসহ ছয় জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে।

রবিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবোর পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই এবং ভুগাই-কংস নদ-নদীর পানির স্তর কমতে শুরু করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণে বলা হয়েছে, আগামী দুই দিন এ অঞ্চলে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। তবে তৃতীয় দিনে বৃষ্টির প্রবণতা আরও কমে হালকা থেকে মাঝারি পর্যায়ে থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন কমতে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। এতে সুনামগঞ্জের কুশিয়ারা তীরবর্তী হাওর ও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নেত্রকোনার ভুগাই-কংস নদীর পানিও আগামী তিন দিন কমতে পারে। একই সময়ে সোমেশ্বরী নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। ফলে জেলার ভুগাই-কংস অববাহিকার হাওরাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এ ছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি আগামী তিন দিন স্থির থাকতে পারে। মগরা নদীর পানিও একই সময়ে স্থিতিশীল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে নেত্রকোনার মগরা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু নদীর পানি আগামী একদিন কমে পরে স্থিতিশীল থাকতে পারে। খোয়াই ও জুড়ি নদীর পানির স্তর আগামী তিন দিন অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি সুতাং নদীর পানি কমতে থাকায় হবিগঞ্জের সুতাং অববাহিকার হাওর ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিলছে।

শেয়ার করুন: