ইরান নিয়ে নতুন সামরিক পদক্ষেপ ভাবছে ট্রাম্প প্রশাসন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালীকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এ বিষয়টি সামনে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনের একাধিক সূত্রের বরাতে বলা হয়, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। প্রশাসনের একাংশ, বিশেষ করে পেন্টাগনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, কঠোর অবস্থানের পক্ষে মত দিচ্ছেন। তাদের ধারণা, সামরিক চাপ সৃষ্টি করা হলে ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করা যেতে পারে।
অন্যদিকে প্রশাসনের আরেকটি অংশ এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তারা মনে করছে, সামরিক পদক্ষেপের আগে আলোচনার জন্য শেষবারের মতো সুযোগ দেওয়া উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তা পাকিস্তানের ভূমিকাও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তাদের আশঙ্কা, ইসলামাবাদ হয়তো তেহরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ওয়াশিংটনের অসন্তোষ পুরোপুরি তুলে ধরেনি। বরং ইরানের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তুলনামূলক ইতিবাচক বার্তা দিয়েছে।
এর আগে সোমবার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি ওই প্রতিক্রিয়াকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।
এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের প্রস্তাব কোনোভাবেই অতিরঞ্জিত নয়। একই সঙ্গে তারা ওয়াশিংটনের বিরুদ্ধে অযৌক্তিক দাবি তোলার অভিযোগও।

শেয়ার করুন: