ঈদযাত্রায় লঞ্চযাত্রীদের জন্য বিআইডব্লিউটিএ’র ১৬ নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক জরুরি নৌবিজ্ঞপ্তিতে লঞ্চযাত্রীদের জন্য ১৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রীদের অবশ্যই বৈধ টিকিট কেটে লঞ্চে ভ্রমণ করতে হবে এবং সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি রাখতে হবে। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ওঠা কিংবা ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

নির্দেশনায় আরও বলা হয়, যাত্রীদের ধীরস্থিরভাবে লঞ্চে ওঠানামা করতে হবে এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা করা উচিত। বৈরী আবহাওয়ায় নৌপথে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

যাত্রাপথে নিরাপত্তার জন্য অপরিচিত কারও দেওয়া খাবার না খাওয়া, পকেটমার ও অজ্ঞান পার্টি থেকে সতর্ক থাকা এবং লাইফ জ্যাকেট ও লাইফ বয়ার অবস্থান সম্পর্কে জেনে নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া চলন্ত লঞ্চে বা মাঝনদীতে ট্রলার থেকে ওঠানামা না করতে বিশেষভাবে সতর্ক করেছে সংস্থাটি। যাত্রীদের ঘাটে লঞ্চ ভেড়ার আগে টার্মিনালে অপেক্ষা করতে এবং নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাপথে কোনো ধরনের সমস্যা বা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে আতঙ্কিত না হয়ে দায়িত্বরত কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।

জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্যসেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২ এবং কোস্টগার্ডের ১৬১১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

শেয়ার করুন: