ট্রাম্প-শি বৈঠকে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং–এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ইরান ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্র-চীনের চলমান আলোচনার দ্বিতীয় দিনে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি সচল ও উন্মুক্ত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। একই সঙ্গে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে না পারে, সে বিষয়েও উভয় নেতা ঐকমত্যে পৌঁছেছেন বলে দাবি করেন তিনি।

বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু জটিল সমস্যার সমাধানে অগ্রগতি অর্জন করেছি, যা অন্যদের পক্ষে সম্ভব হতো না।” আলোচনায় ইরান পরিস্থিতির পাশাপাশি তাইওয়ান, বাণিজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পায় বলেও জানান তিনি।

তবে ইরান প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শি জিন পিং। এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছে।

বেইজিংয়ের ভাষ্য, “এই সংঘাতের জন্মই হওয়া উচিত ছিল না, তাই এটি দীর্ঘায়িত হওয়ারও কোনো যৌক্তিকতা নেই।”

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে অধিকাংশ জাহাজ চলাচল সীমিত করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক মহলের আশঙ্কা।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন: