সৌদিতে পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৭

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে দুঃখজনকভাবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আইটি হেল্পডেস্কের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। ১৬১টি ফ্লাইটে তাদের সৌদি আরবে নেওয়া হয়েছে।

ফ্লাইটভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে গেছেন ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

এদিকে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি মৌসুমে ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

গত ১৮ এপ্রিল হজযাত্রী পরিবহন শুরু হয়, যা চলবে ২১ মে পর্যন্ত। অন্যদিকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে ৩০ জুন।

শেয়ার করুন: