বালাগঞ্জের এক হাওরে কোড়া শিকারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বন্য ১ কোড়া শিকার করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন কোড়া শিকারীরা। আর এই কোড়া শিকার দেখতে ভিড় করছেন শত শত উৎসুক জনতা। আজ মঙ্গলবার (১৯ মে) বিকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের পূর্বের হাওরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। এ সময় স্থানীয় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের পাশে অসংখ্য যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চাঞ্চল্যকর এ কোড়া শিকার দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করেন।
সংশ্লিষ্ট শিকারী এবং এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, গত কয়েক দিন আগে স্থানীয় হাওরে ১টি বন্য কোড়া পাখির আগমন ঘটে। আর এই পাখি শিকার করতে বিভিন্ন শিকারীরা প্রায় প্রতিদিন পোষা কোড়া নিয়ে হাওরে আসছেন। তবে বন্য কোড়াটি তুলনামূলক শক্তিশালী থাকার কারণে ইতোমধ্যে এই বন্য কোড়া অন্তত ৩/৪টি পোষা কোড়াকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে। এ ঘটনায় শিকারীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় শিকারীদের ব্যর্থতার এ সংবাদটি ইতোমধ্যে সিলেটের বাইরে মৌলভীবাজার, হবিগঞ্জেও পৌঁছে গেছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে বেশ কয়েকজন কোড়া শিকারী মাঠে আসেন। তাদের সম্মিলিত অভিযানের সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী এবং পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
শিকারীদের কসরত চলাকালে স্থানীয় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দুই পাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পাশাপাশি শত শত উৎসুক জনতা ভিড় করে কোড়া শিকার প্রত্যক্ষ করেন। অবশ্য সন্ধ্যা পর্যন্ত বন্য কোড়াটি পোষা কোড়াদের সাথে আজ আর লড়তে আসেনি এবং খালি হাতেই শিকারীদে ফিরে যেতে হয়ে।
এ ব্যাপারে কথা আলাপকালে ওসমানীনগরের হুসননমকী গ্রামের আরমান আলী, হবিগঞ্জ জেলার ইনাতগঞ্জের কোড়া শিকারী রানা, নবীগঞ্জের কামারগাঁও গ্রামের (নামপ্রকাশে অনিচ্ছুক) কোড়া শিকারী এবং দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের কোড়া শিকারী সুরমান আলী প্রমুখ জানান, এ কোড়াটি ইতোমধ্যে ৩/৪টি পোষা কোড়াকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে। তারা জানান, বন্য এ কোড়াটি তুলনামূলক অনেক শক্তিশালী এবং স্থানীয় এভাবে এসব কোড়াকে ‘মাল’ বলে ডাকা হয়।
স্থানীয় নশিওরপুর গ্রামের খলিল মিয়া, শাহজাতুল হোসাইন সাজু, আলাপুর গ্রামের ইমরান আহমদ প্রমুখ জানান, আজকের কোড়া শিকার দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করেছেন। তবে শেষ পর্যন্ত শিকারীরা খালি হাতে ফিরে গেছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বিলুপ্ত প্রায় কোড়া পাখিসহ দেশীয় ও অতিথি পাখি শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেছেন।