
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি বা সমঝোতা হলেও যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ত্যাগ করতে রাজি হয়েছে বলে যে খবর প্রকাশিত হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইরান এখন পর্যন্ত এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। বরং আলোচনায় থাকা সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধের অবসান ঘটার পর হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সম্ভাব্য এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো চলমান সংঘাতের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করা। যুদ্ধ চলমান অবস্থায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কৌশলগত গুরুত্ব বহন করে আসছে। ফলে এ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অবস্থান ও সম্ভাব্য যেকোনো চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।