
ছবি :সংগৃহীত
বাল্যবিবাহ প্রতিরোধে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় আইনের সংশোধনী খসড়া প্রস্তুতের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার রোধ করে বাল্যবিবাহের সুযোগ কমিয়ে আনা হবে।
নতুন ব্যবস্থায় বিয়ে নিবন্ধনের সময় কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড যাচাই করা বাধ্যতামূলক করা হবে। এর ফলে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা অনেকটাই বন্ধ হবে বলে আশা করছে সরকার।
এ ছাড়া মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হওয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে নজরদারি ও আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে। তাই বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সরকারের এই উদ্যোগকে বাল্যবিবাহ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।