
ছবি :সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, সোমবার (২২ জুন) রাত প্রায় ৩টার দিকে ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পাড়ি দেয়। বর্তমানে জাহাজটি জ্বালানি গ্রহণ (বাংকারিং) এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল পরিবহনের কাজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। এ সময় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
পরবর্তীতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিলেও প্রণালিতে চলাচল সীমিত থাকায় জাহাজটি আটকা পড়ে। যুদ্ধবিরতির পর গত ৮ এপ্রিল পুনরায় যাত্রা শুরু করলেও দুই দিন পর ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এরপর জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল।
সাম্প্রতিক সময়ে আঞ্চলিক পরিস্থিতির উন্নতি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে জাহাজটির জন্য হরমুজ প্রণালি অতিক্রমের পথ উন্মুক্ত হয়।
২০১৮ সালে নির্মিত এমভি বাংলার জয়যাত্রা একটি বাল্ক ক্যারিয়ার, যার ধারণক্ষমতা ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন। বিএসসি জানিয়েছে, জাহাজে থাকা সব নাবিক ও ক্রু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।