দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫

ছবি :সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫২ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৯৩ জন। এ সময়ে নতুন করে ৮৬০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৬ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের। একই সময়ে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন: