বাবার শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় থাকছেন না মোজতবা খামেনি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না তার ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার (২ জুলাই) ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের পক্ষ থেকে মোজতবা খামেনিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই তিনি শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছেন না।

উল্লেখ্য, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাকে প্রথমে মার্চ মাসে দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্রীয়ভাবে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যা টানা সাত দিন চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, এ আয়োজনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ৯ জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে শেষ বিদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো মার্কিন বা ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আগ্রাসন চালানো হলে তার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন পরিস্থিতি সম্পর্কে ভুল হিসাব না করে এবং ইরানের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের পরিণতি বিবেচনায় রাখে।

শেয়ার করুন: