
ছবি :সংগৃহীত
উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পূর্ব মধ্য প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের যেকোনো অঞ্চলেও ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। আর রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও দেশের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।