
ছবি :সংগৃহীত
দীর্ঘদিনের অপেক্ষার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ একাধিক বিদেশি এয়ারলাইন্স সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু বাস্তবায়িত হলে বিমানবন্দরটির আন্তর্জাতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রবাসী যাত্রীদের জন্য বাড়বে সরাসরি ভ্রমণের সুযোগ।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের উদ্যোগে আগামী আগস্ট-সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু হতে পারে।
আসছে তিন বিদেশি এয়ারলাইন্স
সালাম এয়ার (ওমান): ওমানভিত্তিক স্বল্পমূল্যের এয়ারলাইন্স সালাম এয়ার আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কট রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদের তথ্য অনুযায়ী, শুরুতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে।
ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত): ২০১৫ সালে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ওসমানী বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করলেও ২০১৮ সালে কার্যক্রম স্থগিত করে ফ্লাই দুবাই। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জাতীয় সংসদে জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে সংস্থাটি আবারও সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।
এয়ার আরাবিয়া (সংযুক্ত আরব আমিরাত): সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থাও সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সিলেট-দুবাই রুটে তাদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশীয় এয়ারলাইন্সের কার্যক্রমও বাড়ছে
বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
সম্প্রতি বহু প্রতীক্ষিত সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে আগত যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
এদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী আগস্ট থেকে সৌদি আরবের মক্কা ও মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।
আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে। এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ইতিবাচক হলে ভবিষ্যতে সিলেট-গোয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও শক্তিশালী হতে পারে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেটের সাবেক সভাপতি এবং যাত্রীক ট্রাভেলসের স্বত্বাধিকারী আবদুল জব্বার জলিল বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা থাকা সত্ত্বেও এতদিন সেটির পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং সিলেট অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন, নতুন টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে সম্প্রসারণের পর বিদেশি এয়ারলাইন্সগুলোর কার্যক্রম শুরু হলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের আশা।