স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নির্ধারণে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা ইসির

ছবি :সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ (বুধবার) দেশের সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্দেশনায় জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫-এর সর্বশেষ সংশোধিত বিধান অনুযায়ী, ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করতে হবে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট ভোটার এলাকার নাম স্পষ্টভাবে উল্লেখ করে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ওই তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ এবং নীতিমালা অনুসারে সেগুলোর নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট, এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।

ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। ভবনের ভেতরে স্থায়ী ভোটকক্ষ স্থাপন সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষের প্রস্তাব না দিয়ে সেই অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন: