
ছবি :সংগৃহীত
বর্ষাকালের আবহাওয়া বিবেচনায় রেখে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের চূড়ান্ত তফসিল নির্ধারণ করা হবে।
বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন।
তিনি বলেন, ইউএই সরকারের অনুরোধ পাওয়ার পর মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নথি ও গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় সেখানে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও এগিয়ে চলছে। যদিও স্থানীয় আদালতে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলার কারণে কিছুটা সময় লাগছে, তবুও চুক্তি অনুযায়ী বিচারাধীন অবস্থাতেও আসামিদের প্রত্যর্পণের সুযোগ রয়েছে।
জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৎকালীন পরিস্থিতিতে হাসপাতালের নথি গায়েব হওয়া, চিকিৎসায় বাধা এবং লাশ গুমের অভিযোগের কারণে প্রকৃত সংখ্যা নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে শহীদের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ উল্লেখ করা হলেও সরকারের ধারণা, এ সংখ্যা ২ হাজারেরও বেশি হতে পারে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষা এবং সম্ভাব্য গণকবর অনুসন্ধানের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হলে নথিভুক্ত শহীদের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে শহীদ ও আহত মিলিয়ে ১৫ হাজারের বেশি ব্যক্তির গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে বিভক্ত করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছে।