
ছবি :সংগৃহীত
চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। একই সঙ্গে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছামতো বরখাস্ত করা উচিত নয়। একই সঙ্গে সরকারি ত্রাণ যাতে যথাযথভাবে বিতরণ হয় এবং দরিদ্র মানুষের প্রাপ্য অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা ও সুযোগ-সুবিধার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মানজনক পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা গেলে রাষ্ট্রও আরও শক্তিশালী হবে।
সভায় মন্ত্রী জানান, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি ত্রাণ সুষ্ঠু ও সঠিকভাবে বিতরণের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এতদিন সাধারণত এপ্রিল মাসে ত্রাণের বরাদ্দ দেওয়া হলেও এবার থেকে সেপ্টেম্বর মাসে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বছরের অবশিষ্ট চার মাসের মধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম সম্পন্ন করা সহজ হবে বলে জানান তিনি।