
ছবি :সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এ আন্দোলন থেকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ঘটনায় ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের স্বার্থ ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।
মোদি তার বার্তায় আরও বলেন, ‘যারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের এমন উদ্যোগকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।