
ছবি :সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলার মধ্যে নির্ধারিত সময়ের আগেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না। ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় তিনি দেশে ফিরে এসেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।’
এর আগে, ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরলেন।