৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, খোলা থাকবে সব স্টেশন

ছবি :সংগৃহীত

৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে ওই দিন দেশের সব সিএনজি স্টেশন স্বাভাবিকভাবে খোলা থাকবে।

সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, বর্তমানে দেশজুড়ে চলমান গ্যাসসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩০ জুলাই দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে কর্মসূচি প্রত্যাহার করলেও দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার আগের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে বর্তমান ৮ টাকা কমিশন বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করা। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানির দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে তারা।

এ ছাড়া গ্যাসের দাম বাড়ার কারণে পুরনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বন্ধ এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি রয়েছে তাদের।

শেয়ার করুন: