দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিন প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় বিভিন্ন দাফতরিক নথিতে স্বাক্ষরও করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এর আগে, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
তবে দায়িত্ব পালনের জন্য বঙ্গভবনে উঠছেন না ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি জাতীয় সংসদে স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনেই অবস্থান করবেন এবং সেখান থেকেই তার দায়িত্ব পালন করবেন।
