বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে ডিএন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

 

বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ (ডি.এন.) উচ্চ বিদ্যালয় বিতর্ক দল। রানারআপ হয়েছে চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় বিতর্ক দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ (ডি.এন.) উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“বাংলাদেশের উন্নয়নের একমাত্র বাধা দুর্নীতি”—বিষয়ের ওপর অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্কে চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডি.এন. উচ্চ বিদ্যালয়।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন—দলনেতা প্রত্যাশা রায় লোপা, দেবযানী দাস ও মোহনা রানী নাথ। রানারআপ চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় দলের সদস্যরা হলেন—দলনেতা নাফিজা জান্নাত মিনহা, ভারতী রানী দেব ও শেখ শাহানা বেগম। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ডি.এন. উচ্চ বিদ্যালয়ের দলনেতা প্রত্যাশা রায় লোপা।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ (ডি.এন.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তফাদার, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষার্থী সুমাইয়া বেগম এবং শ্রেষ্ঠ বক্তা প্রত্যাশা রায় লোপা।
অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন সমাজসেবী মো. মকবুল মিয়া, শেখ জামাল আহমদ খলকু, সাইফুল আহমেদ সেফুল, আব্দুল হাদি, বাবরু মিয়া, মজনু মিয়া, মাসুক মিয়া, মো. সউল মিয়া, তোফায়েল আহমদ সুহেল, সাবুল আহমদ, জাহাঙ্গীর আলম, শিক্ষক মাওলানা ফয়জুল করিম, তুলশি দাশ, জাকির হোসেন, রেজাউল করিম, বেলাল উদ্দিন, বাসনা এবং অভিভাবক আজমান আলী।
অনুষ্ঠানে সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন ডি.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন। বিচারকের দায়িত্ব পালন করেন বালাগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হাসান এবং কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল মালিক বলেন, দুর্নীতি নির্মূলে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান এবং বালাগঞ্জ উপজেলাকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করারও আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০টি দল প্রথমে প্রতিষ্ঠান পর্যায়ে অংশগ্রহণ করে। সেখান থেকে বিজয়ী ৩০টি দল ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিজয়ী ৭টি দল উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ, মেডেল, বই ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন: