
ছবি :সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশোধনের আবেদনগুলোর সঙ্গে জমা দেওয়া প্রমাণক যাচাই-বাছাই এবং সংশোধন কার্যক্রমের জটিলতা নিরসনে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত ও দাখিল করা প্রমাণক নিরীক্ষার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে থাকছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। আর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।
কমিটির কার্যপরিধিতে কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আবেদনকারীর চাওয়া পরিবর্তনের ধরন অনুযায়ী আবেদনগুলো শ্রেণিবিন্যাস করা এবং প্রতিটি ধরনের সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমাণক বা দলিলের তালিকা তৈরি করা।
এ ছাড়া ‘ঘ’ ক্যাটাগরিতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল হওয়া ও নিষ্পত্তিকৃত আবেদন পুনরায় দাখিলের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণক জমা দেওয়া হলে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।
এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির উপায় নিয়েও সুপারিশ দেওয়ার কথা রয়েছে কমিটির। পাশাপাশি ইলেকট্রনিকভাবে আবেদনে অ্যাকশন নেওয়ার সময় যেসব জটিলতা তৈরি হয়, তা দূর করতে সিএমএস পোর্টারে কোনো ধরনের পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন কি না, সে বিষয়েও মতামত দেবে কমিটি।
এ ছাড়া এনআইডি লক-আনলক এবং রোলব্যাকের ক্ষেত্রে জাস্টিফিকেশন বা যৌক্তিকতা নির্ধারণের বিষয়েও সুপারিশ করবে চার সদস্যের এই কমিটি।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।