ওমানে মিলবে ১৪ দিনের ফ্রি পর্যটন ভিসা

ছবি :সংগৃহীত

স্বল্পমেয়াদি ভ্রমণকে আরও সহজ করতে কয়েকটি দেশের নাগরিকদের জন্য বিনা খরচে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান। বিদেশিদের আবাসন আইনসংক্রান্ত নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এই সুবিধা চালু করা হয়েছে।

ওমান সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পর্যটকদের স্বল্প সময়ের সফর সহজ করা এবং দেশটির পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তোলা।

রোববার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, রয়্যাল ওমান পুলিশ সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর মাধ্যমে বিধিমালায় এই পরিবর্তন এনেছে। দেশটির পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকি এ-সংক্রান্ত সিদ্ধান্ত জারি করেন। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের নাগরিকরা প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ১৪ দিনের এই পর্যটন ভিসা বিনা ফিতে পাওয়ার সুযোগ পাবেন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কেউ চাইলে বিধিমালায় থাকা অন্য কোনো পর্যটন ভিসার শ্রেণিতে এটি পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার জন্য নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণের পাশাপাশি প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে।

নতুন ১৪ দিনের পর্যটন ভিসার শ্রেণিটি সংশোধিত নির্বাহী বিধিমালার ১০ নম্বর ধারায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২৯ নম্বর ধারার অধীন সরকারি ভিসা সূচিতেও এই ভিসা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে এর ভিসা ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল।

তবে বিনামূল্যের এই ভিসা সুবিধা কোন কোন দেশের নাগরিকরা পাবেন, সে বিষয়ে এখনো কোনো তালিকা প্রকাশ করেনি ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের জন্য এই সুবিধা নির্ধারণ করা হবে, কেবল সেই দেশগুলোর নাগরিকরাই ১৪ দিনের বিনা মূল্যের পর্যটন ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

শেয়ার করুন: