প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসই নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর দেশের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাসকে জাতীয় স্মৃতিতে সংরক্ষণ করবে। পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্টদের কর্মকাণ্ড ও মুখোশ উন্মোচনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করবে।
তিনি বলেন, ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
সরকারপ্রধান আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম ও হত্যাকে স্বাভাবিক করে তোলা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে মেনে নিতে পারেনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
