ভিসার নামে প্রতারণা, সতর্ক করল ঢাকার ভারতীয় হাইকমিশন

ছবি :সংগৃহীত

ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবার নামে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টার ঘটনা সামনে আসায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, কিছু প্রতারক নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার ভুয়া আশ্বাস দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে এ ধরনের কোনো কল, বার্তা বা প্রস্তাব পেলে অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত ও আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

এ ছাড়া কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো ঘটনার তথ্য পেলে দ্রুত ঢাকার ভারতীয় হাইকমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগের সঙ্গে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সবাইকে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শেয়ার করুন: