বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রিফুয়েলিং বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি :সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী (এয়ারিয়াল রিফুয়েলিং) বিমান সরিয়ে নিতে শুরু করেছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণের ব্যস্ত মৌসুমে বেসামরিক বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সামরিক বিমান অন্যত্র স্থানান্তরের আহ্বান জানান। এরপরই বিমানগুলো সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে এয়ারিয়াল রিফুয়েলিং বিমানগুলো বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল। তবে সেখানে কতটি বিমান ছিল কিংবা সেগুলো কোথায় স্থানান্তর করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বেসামরিক বিমান চলাচলে সামরিক বিমানের উপস্থিতির প্রভাব নিয়ে ইসরায়েলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন অমীমাংসিত ইস্যু—বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল নিয়ে সম্ভাব্য সমঝোতার আলোচনা জোরালো হওয়ার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন: