
ছবি :সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এক শিশুসহ আরও দুজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।
এ ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।