
ছবি :সংগৃহীত
জেনারেশন জেড বা জেন জি’র তরুণদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় প্রথম স্থান দখল করেছে জাপানের রাজধানী টোকিও। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পর্তুগালের পোর্তো এবং তৃতীয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
ভ্রমণ ও নগরজীবনবিষয়ক সাময়িকী টাইম আউট ২০২৬ সালের জন্য বিশ্বের ১৫০টি শহর নিয়ে এ তালিকা প্রকাশ করেছে। ১৮ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৪ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে র্যাঙ্কিংটি। তরুণদের শহুরে জীবনযাপনের অভিজ্ঞতা, আনন্দ, খাবারের মান ও ব্যয়, বিনোদন, হাঁটার সুযোগ, সামাজিক পরিবেশ এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
তালিকায় শীর্ষে থাকা টোকিওর অন্যতম বড় আকর্ষণ হিসেবে উঠে এসেছে বাসিন্দাদের সুখী জীবনযাপন এবং বৈচিত্র্যময় বিনোদন ও নাইটলাইফ। তবে রাতের বিনোদনকে সাশ্রয়ী মনে করেন জরিপে অংশ নেওয়া মাত্র এক-তৃতীয়াংশ তরুণ।
দ্বিতীয় অবস্থানে থাকা পোর্তোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে শহরটির সামাজিক পরিবেশ ও তুলনামূলক কম খরচ। সেখানে খাবার, পানীয়, শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগের সুযোগও তরুণদের কাছে বেশ আকর্ষণীয়। জরিপে অংশ নেওয়া সব উত্তরদাতাই পোর্তোকে সুন্দর শহর হিসেবে উল্লেখ করেছেন।
তৃতীয় অবস্থানে থাকা মেলবোর্নের প্রধান শক্তি এর সাংস্কৃতিক বৈচিত্র্য। জরিপে অংশ নেওয়া ৯৭ শতাংশ তরুণ জানিয়েছেন, শহরটিতে প্রায় প্রতিদিনই স্বাধীন থিয়েটার, লাইভ মিউজিক, কমেডি ও ইম্প্রোভ শোর মতো বিভিন্ন আয়োজন পাওয়া যায়। তবে মেলবোর্নে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি।
চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্যের এডিনবরো। সবুজ পরিবেশ, প্রাণবন্ত নাইটলাইফ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে শহরটি তালিকায় লন্ডনের চেয়ে এগিয়ে গেছে।
পঞ্চম স্থানে থাকা চীনের সাংহাইয়ের বড় সুবিধা হিসেবে উঠে এসেছে সামাজিক যোগাযোগের সুযোগ। জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ তরুণ মনে করেন, সেখানে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং বন্ধুত্ব গড়ে তোলা সহজ।
জেন জি’র জন্য শীর্ষ ২০ শহর
১. টোকিও, জাপান
২. পোর্তো, পর্তুগাল
৩. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
৪. এডিনবরো, যুক্তরাজ্য
৫. সাংহাই, চীন
৬. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৭. কোপেনহেগেন, ডেনমার্ক
৮. বার্লিন, জার্মানি
৯. ভ্যালেন্সিয়া, স্পেন
১০. ব্যাংকক, থাইল্যান্ড
১১. নেপলস, ইতালি
১২. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
১৩. ক্রাকোভ, পোল্যান্ড
১৪. সিউল, দক্ষিণ কোরিয়া
১৫. প্যারিস, ফ্রান্স
১৬. এথেন্স, গ্রিস
১৭. মেক্সিকো সিটি, মেক্সিকো
১৮. রিও ডি জেনেইরো, ব্রাজিল
১৯. ভ্যাঙ্কুভার, কানাডা
২০. ভিয়েনা, অস্ট্রিয়া
শীর্ষ ২০-এর তালিকায় ইউরোপের শহরই সবচেয়ে বেশি। মোট ১০টি ইউরোপীয় শহর জায়গা করে নিয়েছে এই তালিকায়।