মির্জা ফখরুলের সরকার ও বিএনপি থেকে পদত্যাগ

ছবি :সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সরকার ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মির্জা ফখরুল দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সাংবাদিকদের রিজভী জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার কারণে মির্জা ফখরুল দলীয় মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন: