নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ

ছবি :সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার পর তাকে দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার পর তিনি তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য দ্রুত দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেয় সরকার।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে এ রদবদল করা হয়েছে।

শেয়ার করুন: