ফেঞ্চুগঞ্জে দুই দিনের অভিযানে আরো ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

॥ সেবুল আহমদ, ফেঞ্চুগঞ্জ থেকে॥

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ ও ১৫ আগস্ট পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মনিপুর চা বাগানের গোলাপতল এলাকার জব্বার মিয়ার ছেলে মো. রফিক মিয়া (৩৮), পিটাইটিকর এলাকার নান্টু মিয়ার ছেলে তারেক আহমদ (২৫) এবং একই এলাকার আজাদুর রহমানের ছেলে সুলেমান।

পুলিশের দাবি, গ্রেপ্তার রফিক মিয়া মাদক ব্যবসায়ী হাদী চৌধুরীর সহযোগী হিসেবে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। অপরদিকে তারেক আহমদ ও সুলেমান মাদক ব্যবসায়ী উজ্জলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ফেঞ্চুগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন: