
ছবি :সংগৃহীত
দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ করছে বিএনপি সরকার। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে গত ছয় মাসের সরকারের কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
সভায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় থাকবেন।
ছয় মাসের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা
মতবিনিময় সভায় সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো সম্পর্কে তথ্য দেওয়া হবে।
এ সময় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও কর্মপরিকল্পনাও তুলে ধরার কথা রয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।