
ছবি :সংগৃহীত
চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নুরুল হক নুর বলেন, এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে ‘প্রবাসী কার্ড’। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, প্রবাসী কার্ডধারীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অগ্রাধিকার সুবিধা পাবেন। এ ছাড়া দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।