আজ সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি :সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। পরে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন ভোট দেওয়ার নিয়ম ও নির্দেশনা তুলে ধরেন। এরপর সংসদ সদস্যদের ভোটগ্রহণ শুরু হয়।

প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান।

শেয়ার করুন: