জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

ছবি :সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।

শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

শেয়ার করুন: