নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধস, নিখোঁজ ৩৮৪ পর্যটক

ছবি :সংগৃহীত

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে নেপাল ট্যুরিজম বোর্ড। বিবিসি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত এবং ওই পথ ব্যবহারকারী অনেক পর্যটক ও ভ্রমণকারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাদের সন্ধানে নেপাল ও চীনের উভয় অংশে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।

নিখোঁজদের মধ্যে নেপাল, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন। তবে বেশ কয়েকজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নুওয়াকোট ও ধাদিং জেলায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার পানিতে একটি পুলিশ স্টেশন, কাস্টমস অফিসসহ বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে। এতে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং বন্দরের কাছেও ভূমিধস হয়েছে। নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ স্থল যোগাযোগপথ হিসেবে পরিচিত এই বন্দরের সঙ্গে সংযোগকারী সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ দুর্যোগে ব্যাহত হয়েছে। চীনের অংশেও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বন্যার আশঙ্কায় নেপালের চিতওয়ান জেলা পর্যন্ত নদীর নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টারসহ বিভিন্ন দল অংশ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহযোগিতা করছেন।

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ভোতে কোশি নদীর উজানে কোনো হিমবাহ-সৃষ্ট হ্রদের পানি আকস্মিকভাবে বেরিয়ে যাওয়ার কারণে এ ধরনের বন্যা ও ধ্বংসযজ্ঞ ঘটে থাকতে পারে।

দুর্যোগকবলিত এলাকাটি ট্রেকিংপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রবেশপথ। নেপালের জনপ্রিয় ট্রেকিং গন্তব্যগুলোর পাশাপাশি চীনের মাউন্ট কৈলাস ও মানস সরোবরগামী ভ্রমণকারীরাও এই পথ ব্যবহার করেন। ফলে নিখোঁজদের সন্ধানে দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন: