বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর (হাজীবাড়ি) নিবাসী প্রয়াত হোমিও চিকিৎসক আব্দুল লতিফ’র ২য় ছেলে, তরুণ সমাজকর্মী, শিক্ষানুরাগী, সদা পরোপকারী মো. সিরাজুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত শোকাহত এলাকাবাসীর অংশগ্রহণে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ২টায় স্থানীয় নশিওরপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন জামিয়া ইসলামীয়া হোসানিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা লোকমান আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার আমীর মুহাম্মদ আব্দুল জলিল, নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, স্থানীয় ইউপি সদস্য মো. বাবরু মিয়া, শিক্ষানুরাগী আব্দুল শাহাদাত রুকন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু এবং মরহুমের পরিবারের পক্ষে তার চাচা বিশিষ্ট সমাজকর্মী হাজী সাইস্তা মিয়া প্রমুখ।
উল্লেখ্য : মো. সিরাজুল ইসলাম গত সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৪৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সিরাজুল ইসলাম মৃত্যুকালে লিভার ও কিডনিজনিত জটিলরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ভাই, ৫বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. সিরাজুল ইসলাম নশিওরপুর জাগরণী যুব সংঘ (রেজি.-৫০৩/৯৭)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি জাগরণী যুব সংঘের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে দলমত নির্বিশেষে পরোপকারী, সদালাপী মো. সিরাজুল ইসলাম’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।