স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত, ইউপিতে ৪৬ হাজার ৩৯৭

ছবি :সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য সর্বাধিক ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন

ইউপি নির্বাচনে মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র থাকবে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি।

এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই ইউপির ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৪১ হাজার ৪৬৬টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪১ হাজার ৪৪৭টি স্থায়ী এবং ১৯টি অস্থায়ী ভোটকেন্দ্র।

এ নির্বাচনে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৩৩ হাজার ৩০৫টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ১৯ হাজার ৮২২টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৪৮৩টি।

পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে ৫ হাজার ২০২টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫ হাজার ১৮৪টি এবং অস্থায়ী কেন্দ্র ১৮টি।

এসব কেন্দ্রে মোট ২৫ হাজার ৯৬৬টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২৪ হাজার ৭৬৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১ হাজার ১৯৭টি।

সিটি করপোরেশন নির্বাচন

সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৫ হাজার ১৫১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ থাকবে ২৩ হাজার ১০৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১ হাজার ৯৫৮টি।

ফলে সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৫টি।

অন্যদিকে জেলা পরিষদ নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয় না। এ কারণে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো জেলা পরিষদের জন্য আলাদাভাবে ভোটকেন্দ্র নির্ধারণের প্রয়োজন হয়নি।

নভেম্বরে ইউপি ভোট শুরুর পরিকল্পনা

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সূচির পরিকল্পনাও জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরেই তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। কয়েক ধাপে এ নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

কতটি স্থানীয় প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী

ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন নির্বাচন উপযোগী হবে। বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩৩০টি। এর মধ্যে ৩২০টি পৌরসভা নির্বাচন উপযোগী। বাকি ১০টি আইনি জটিলতার কারণে এখনো নির্বাচন উপযোগী নয়।

নতুন পাঁচটি উপজেলাসহ দেশে মোট উপজেলার সংখ্যা ৫০০। বর্তমানে কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব ৫০০ উপজেলাই নির্বাচন উপযোগী রয়েছে।

এ ছাড়া নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশে মোট সিটি করপোরেশন রয়েছে ১৩টি। বর্তমানে কোনো সিটি করপোরেশনেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী।

চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

শেয়ার করুন: