ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি :সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিনিয়োগ, রাজনৈতিক সম্পর্ক ও সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী তুরস্ক। প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।

প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান রোহিঙ্গা সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা অবস্থান করছে। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন বৈঠক ও পার্শ্ববৈঠকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে জাতিসংঘ।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে কার্যালয় স্থাপনে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব আলোচনায় অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন: