
বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সেশনে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ও বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।
বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ.বি.এম. বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদের ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক শাহজাহান চঞ্চল, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ মহসিন, প্রিন্স সাত্তাম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহমুদুজ্জামান, জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি মো. ইসমাঈল, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আলীম উদ্দীন মাহমুদ ও আবুল খায়ের বাচ্চু মামা, সিনিয়র সহসভাপতি মো. এরশাদ আলী, সহসভাপতি খালেদ শাহাব উদ্দিন, প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা বশির আহমদসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের এই আয়োজনের মূল প্রেরণা আমাদের মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্য আমাদের আনন্দিত ও আশাবাদী করে। আমরা বিশ্বাস করি, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে পরিবার, সমাজ, দেশ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তারা কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, তাদের আগামীর পথচলা যেন সাফল্য, জ্ঞান ও মানবিকতায় সমৃদ্ধ হয়।
বক্তারা এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকবৃন্দের পাশাপাশি অতিথি, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।