রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলা, নিহত ৪

ছবি :সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার (৯ অক্টোবর) দুই দেশের কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানান।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে রুশ হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ পাঁচজন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন টেলিগ্রামে জানান, হামলায় শহরের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শিশুদের অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনার একটি কেন্দ্রের কাছেও হামলা চালানো হয়।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরেও রুশ হামলায় একজন নিহত হয়েছেন। শহরটির মেয়র রুসলান মার্তসিনকিভ ফেসবুকে জানান, শাহেদ ধরনের ড্রোন হামলার পর একটি অনাবাসিক ভবনের ওপর ধ্বংসাবশেষ পড়ে। এতে ভবনটিতে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

এদিকে, রাজধানী কিয়েভের আশপাশের বুচা জেলায় রাশিয়ার হামলায় গুদামজাত পণ্য সংরক্ষণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এক নারী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর দেশটিতে ১৩৬টি আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১১৪টি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের রাজুমনয়ে জনপদে হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। আঞ্চলিক অপারেশনাল সদর দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, এ ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন।

হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি থাকা আরেকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুই দেশের পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন এলাকায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন: