
ছবি :সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত দিনে ১১টি পৃথক অভিযান চালিয়ে ৯ কোটি ৬৮ লাখ টাকা বাজারমূল্যের সোনার বারসহ বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ ও সিগারেট, ই-সিগারেট, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন ও ওষুধ।
রোববার (১৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সোনার বার ছাড়াও ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধ জব্দ করা হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক বিভিন্ন পণ্যও জব্দ করা হয়।
এদিকে, যাত্রীদের নির্ধারিত ব্যাগেজ সুবিধার অতিরিক্ত আনা বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।