সিলেটে পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, প্রত্যাহার এএসআই

ছবি :সংগৃহীত

সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরেই গান গাওয়ার ঘটনায় উজায়ের ফারুক নামের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের সই করা আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উজায়ের ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই গান পরিবেশন করেন তিনি।

পরে তার গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে অন্য কাজে যুক্ত হওয়া দায়িত্বে অবহেলার শামিল। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই উজায়ের ফারুকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: