
ছবি :সংগৃহীত
রাশিয়ার হুমকি ও সামরিক তৎপরতা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ন্যাটোর কয়েকটি ইউরোপীয় সদস্যদেশকে সতর্ক ও সংযত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইউরোপীয় নেতাদের কিছু মন্তব্য মহাদেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট চার ব্যক্তির মধ্যে তিনজন ইউরোপীয় কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা রয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের বার্তা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। দ্বিপক্ষীয় বৈঠকে এসব দেশের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তবে ইউরোপের অন্য দেশগুলোকেও একই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক সমাধান খুঁজতে ট্রাম্প প্রশাসনের নতুন তৎপরতার মধ্যেই পেন্টাগনের এ অবস্থান সামনে এলো। যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের প্রেক্ষাপটে ওয়াশিংটন একদিকে রাশিয়াকে নিষেধাজ্ঞা শিথিলের মতো সম্ভাব্য সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধে কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, মিত্রদেশগুলোর মধ্যে ব্যক্তিগত পর্যায়ের আলোচনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার সুযোগ নেই।
সূত্রগুলোর একজনের ভাষ্য অনুযায়ী, ইউরোপের কয়েকজন নেতার এমন বক্তব্য মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ায় মস্কো ক্রমেই চাপে পড়ছে এবং মরিয়া হয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কলবি ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পুনর্মূল্যায়নের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ইউরোপীয় কর্মকর্তাদের কাছে সংযত বক্তব্য দেওয়ার বার্তা পৌঁছে দেওয়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনিও ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে এ উদ্যোগে আর কারা যুক্ত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সূত্রগুলোর দাবি, বিষয়টি কোনো বিরোধপূর্ণ বা কঠোর মনোভাব নিয়ে উপস্থাপন করা হয়নি।
রাশিয়ার সামরিক ও অন্যান্য তৎপরতা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার বিষয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতভিন্নতা রয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের একটি অংশ মনে করেন, মস্কোর হুমকি নিয়ে অতিরিক্ত সরব হলে তা রাশিয়ারই সুবিধা করে দিতে পারে। তাদের আশঙ্কা, ক্রেমলিন এসব বক্তব্যকে কাজে লাগিয়ে ইউরোপের জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতে এবং ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন দুর্বল করতে পারে।
তবে ইউরোপের অন্য একটি অংশের কর্মকর্তারা মনে করেন, রাশিয়ার সম্ভাব্য হুমকি সম্পর্কে সাধারণ মানুষকে পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন। এতে রাশিয়াকে প্রতিহত করতে প্রতিরক্ষা খাতে বাড়তি অর্থ ব্যয় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা ভোটারদের কাছে তুলে ধরা সহজ হবে।
বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার গোপন নাশকতামূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ যুক্তি গুরুত্ব পাচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের তৎপরতার অভিযোগ তুললেও রাশিয়া তা অস্বীকার করে আসছে।
রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি বাল্টিক অঞ্চলের একটি দেশের কর্মকর্তার সঙ্গে বৈঠকে এলব্রিজ কলবি রাশিয়াকে উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। এ সময় ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে রাশিয়াকে ‘ইঁদুরের মতো কোণঠাসা’ বলে বর্ণনা করার বিষয়টি অনুপযুক্ত বক্তব্যের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে কলবি নির্দিষ্ট করে কোন বক্তব্যের কথা বলেছেন, তা জানা যায়নি। গত সেপ্টেম্বরের শেষ দিকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কোণঠাসা ইঁদুর’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় পুতিন ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করেছিলেন তিনি।
পেন্টাগনের এ ধরনের ব্যক্তিগত পরামর্শের বিষয়ে এক ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মূল বার্তাটি ছিল—তারা ইউরোপের পাশে রয়েছে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। তবে রাশিয়াকে নিয়ে প্রকাশ্যে অতিরিক্ত সরব না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে পর্যালোচনা চালাচ্ছে পেন্টাগন। এ মূল্যায়নের ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই মার্কিন কর্মকর্তারা বলে আসছেন, ইউরোপীয় ন্যাটো সদস্যদেশগুলোকে নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি করে নিতে হবে। কারণ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও পূর্ব এশিয়ায় নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে বাড়তি মনোযোগ দিতে হচ্ছে।



