আব্দুর রশীদ লুলু

হযরত কনাই শাহ (রহ.)-এর আধ্যাত্মিক জীবন ও মানব কল্যাণের ইতিহাস

এক নিবেদিত প্রাণ সংবাদকর্মী শাহ মো: হেলাল, যিনি লেখালেখি অঙ্গনে এস এম হেলাল নামে সুপরিচিত। তার জন্ম ১৯৮৪ সালের ১০ জুলাই সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের শাহ পরিবারে। নিবেদিত প্রাণ সংবাদকর্মী শাহ মো: হেলাল অনলাইন সংবাদ মাধ্যম বালাগঞ্জের আওয়াজ-এর সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক কালবেলা ও দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তিনি ছাত্রাবস্থায় ১৯৯৮ সাল থেকে ছড়া-কবিতা দিয়ে সাহিত্যর্চচা শুরু করেন এবং ২০০২ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। তার আগ্রহের বিষয় গুলো হলো- সাহিত্য- সংস্কৃতি, সাংবাদিকতা ও মানব সেবা। তিনি তার আগ্রহের বিষয় গুলোতে খুবই সক্রিয়। তিনি ব্যতিক্রমী সাধক কনাই শাহ (রহ.) ভাতিজার ঘরের নাতী। দাদা কনাই শাহ (রহ.)কে নিয়ে এস এম হেলালের একটি অন্যতম প্রকাশনা-‘‘হযরত কনাই শাহ (রহ.)-এর আধ্যাত্মিক জীবন ও মানব কল্যাণের ইতিহাস’’। এটি বুনন থেকে ২০২২ সালের নভেম্বরে প্রকাশিত হয়েছে।

চার কালার চমৎকার প্রচ্ছদ সম্বলিত বইটি উৎসর্গ করা হয়েছে এভাবে- ওলি-আল্লাহর প্রতি নীরব ভালোবাসা ও শ্রদ্ধার অমল ধারাকে শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী শ্রদ্ধেয়া শরিফা বেগম ও অলি-আউলিয়ার ভক্তকূলকে। বইটিতে এস এম হেলালের আধ্যাত্মিকতার প্রতি গভীর অনুরাগ প্রস্ফুটিত হয়েছে। বইটিতে ২৩ টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হচ্ছে যথাক্রমে-

হযরত কনাই শাহ্ (রহ.)-এর জন্ম ও বংশপরিচয়, হযরত ইউনুস শাহ্ (রহ.) ও তাঁর সন্তানগণ, আধ্যাত্মিক জীবনের রূপান্তর: শরীয়ত থেকে মারিফত, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ওলি-আউলিয়া, ভক্তদের প্রতি হযরত কনাই শাহ্ (রহ.)-এর মনোভাব ও উপদেশ, নবীপ্রেমে অশ্রুসিক্ত কনাই শাহ্ (রহ.), শরীয়ত মোতাবেক অস্বাভাবিক, মারিফত ও হকিকতে অনন্য জীবন, ভক্তদের প্রতি হযরত কনাই শাহ্ (রহ.)-এর মনোভাব ও উপদেশ,নবীপ্রেমে অশ্রুসিক্ত কনাই শাহ্ (রহ.), কনাই শাহ্ (রহ.)-এর প্রাণিপ্রেম: পোষা রাজহাঁস, হযরত কনাই শাহ্ (রহ.)-র দরবারে মানুষের ভিড় ও ভক্তের বহুমাত্রিক পরিচয়, দয়ামীর বাজারে বঙ্গবন্ধুর গাড়ি থামিয়ে দোয়া দিলেন কনাই শাহ, জেনারেল ওসমানী ও হযরত কনাই শাহ্ (রহ.)-এর অমলিন সম্পর্ক, আধ্যাত্মিক সাধনার আলোকবর্তিকা: গহরপুরী হুজুর (রহ.) ও কনাই শাহ্ (রহ.), বরেণ্য আলেম হযরত মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী স্মৃতির আলোকে হযরত কনাইশাহ (রহ.), হযরত কনাই শাহ্ (রহ.)-এর শৈশব, যৌবন ও আধ্যাত্মিক যাত্রার প্রারম্ভিকতা, আধ্যাত্মিক মুর্শিদ এবং মায়ের কাছ থেকে বিদায় ও ফকির কনাই শাহ্ (রহ.)-এর পথচলা, প্রত্যক্ষদর্শীদের চোখে হযরত কনাই শাহ্ (রহ.)-এর আধ্যাত্মিক কীর্তি ও কারামত,  ফকির কনাই শাহ্ (রহ.)-এর সরল জীবন, আহার-নিদ্রা ও ভক্তদের সঙ্গে সম্পর্ক, হযরত কনাই শাহ্ (রহ.)-কে নিয়ে ভক্তগীতি, হযরত কনাই শাহ্ (রহ.)-এর মাজার: আধ্যাত্মিক কেন্দ্র, দান ও খেদমত, হযরত কনাই শাহ্ (রহ.)-এর ওফাত ও জানাজা, দয়ামীরের পবিত্র মাটিতে চিরনিদ্রায় ফকির কনাইশাহ্ (রহ.), কৃতজ্ঞতা এবং শেষ কথা।

ব্যতিক্রমী সাধক কনাই শাহ (রহ.) সম্পর্কে বইটির ভূমিকায় লেখক শাহ মোঃ হেলাল বলেছেন-“হযরত কনাই শাহ (রহ.) ছিলেন এক অনন্য ওলি ও মাজ্জব পীর, যিনি জীবনের প্রায় সবকটি মুহুর্ত আল্লাহর ধ্যান ও মানুষের কল্যাণে নিবেদন করেছিলেন। তার জীবনের প্রতিটি কীর্তি, চরিত্র, ভক্তের প্রতি দয়া, প্রাণিপ্রেম এবং অসংখ্য কারামতি আজও মানুষের মুখে মুখে প্রচলিত।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, এ বইয়ের আগে কনাই শাহ (রহ.) সম্পর্কে কয়েকটি বইয়েও আলোকপাত করা হয়েছে: যেমন-সিলেট বিভাগের পাঁচশ মরমী কবি-সিদ্দিকুর রহমান, সিলেটের মাটি সিলেটের মানুষ-ফজলুর রহমান, হৃদয়ে মম-আব্দুর রশীদ লুলু, সাধক ফকির কনাই শাহ মামু- আব্দুল হাই মোশাহিদ।

“হযরত কনাই শাহ (রহ.)-এর আধ্যাত্মিক জীবন ও মানব কল্যাণের ইতিহাস” বইটিতে লেখক শাহ মোঃ হেলালের শেষ কথা- হযরত কনাই শাহ (রহ:) এর জীবন আমাদের শেখায়-ভক্তির পথে থাকুন, দয়া ও করুণা ছড়িয়ে দিন এবং আল্লাহর নিকট আত্মসমর্পন করুন।

তিন ফর্মার বোর্ড বাধাই বইটির প্রচ্ছদে দয়ামীর বাজার সংলগ্ন কনাই শাহ (রহ:) এর মাজারের ছবি ব্যবহার করা হয়েছে। ভেতরেও কিছু ছবি রয়েছে। চমৎকার ছবিগুলো ফটোগ্রাফির একাধিক প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ লেখক ও শিকড় সন্ধানী প্রকাশনা ‘আনোয়ারা’র সহসম্পাদক আনিসুল আলম নাহিদের তোলা। বইটির মূল্য: ২২০ টাকা।  ব্যতিক্রমী সাধক কনাই শাহ (রহ.)কে জানতে সহায়ক বইটির আমরা বহুল প্রচার কামনা করি।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড়সন্ধানী প্রকাশনা)।

শেয়ার করুন: