
ছবি :সংগৃহীত
সৌদি আরবে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ তৈরি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’। এ উদ্যোগের আওতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত হলে মিলবে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দেতিক হিকমাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১ নভেম্বর মিসরের আরবি সংবাদমাধ্যম আল-ওয়াতানও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে নুসুক অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়েছে। নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমেও এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। তবে প্রতিযোগিতার শেষ সময় নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত নুসুকের প্রকাশিত মূল শর্তাবলি থেকেও শেষ তারিখ নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১০০টি ওমরাহ প্যাকেজ এবং জমজমের পানির ১০ হাজার কার্টন। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার সুবিধা অন্তর্ভুক্ত।
এ ছাড়া প্রত্যেক বিজয়ী পাবেন জমজমের পানির ২০ কার্টন। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন আত্মীয়স্বজন বা প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়ার সুযোগ থাকবে।
যেভাবে প্রতিযোগিতায় অংশ নেবেন
বিনা মূল্যে ওমরাহর এ প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। যাঁদের আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা সরাসরি লগইন করতে পারবেন।
এরপর অ্যাপে প্রবেশ করে ‘Start the Challenge’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে চারটি বিভাগের মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। বিভাগগুলো হলো—
১. The Prophet’s Biography
২. The Quran
৩. Makkah and the Grand Mosque
৪. Madinah and the Prophet’s Mosque
বিভাগ নির্বাচন করার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম পুরস্কারের লটারির জন্য বিবেচিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন। এই চাবি ব্যবহার করে প্রশ্নের দরজা খোলা যাবে। এ ছাড়া প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগ রয়েছে।
প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। পাশাপাশি নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও বিজয়ীদের তালিকা জানা যাবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণ করা যায়। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।
প্রয়োজনীয় লিংক:
- নুসুক অ্যাপ ডাউনলোড: https://onelink.to/nusuk
- নুসুকের ওয়েবসাইট: https://services.nusuk.sa/
- নুসুকের এক্স অ্যাকাউন্ট: https://x.com/MyNusuk